স্পেনে দাবানল: নিয়ন্ত্রণে ১২ উড়োজাহাজ

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ণ
স্পেনে দাবানল: নিয়ন্ত্রণে ১২ উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তেয়োন প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে প্রায় ৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত রোববার শুরু হওয়া এই আগুনে এখন পর্যন্ত প্রায় ১৫০ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ১২টি বিশেষ উড়োজাহাজ মোতায়েন করা হয়। তবে স্পেনে চলমান দ্বিতীয় দফার তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাপদাহ দিনভর বাড়তে থাকলে আগুন নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন হয়ে উঠবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, দেশের আস্তুরিয়াস অঞ্চল থেকেও বাড়তি দমকলকর্মীরা এসে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। গত ২৬ জুন ওই অঞ্চলের পাহাড়ি এলাকায় শুরু হওয়া আরেকটি বনাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণেও তারা টানা কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে, কাতালোনিয়ার জিরোনা এলাকায় গত শুক্রবার শুরু হওয়া ভয়াবহ দাবানলে আহত হয়ে এখন পর্যন্ত ১৪ জন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে কাতালোনিয়ার জরুরি চিকিৎসা সেবা (এসইএম)। প্রায় ২ হাজার ৩০০ হেক্টর এলাকা পুড়িয়ে ছাই করে দেওয়া এই আগুনটি শনিবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সোমবার ভোর পর্যন্ত দমকলকর্মীরা নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক অবস্থান ও ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন