কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
কক্সবাজারে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে টানা ভারি বর্ষণের জেরে বিভিন্ন স্থানে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। গত এক রাতে নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পেকুয়া ও দরিয়ানগরে পৃথক পাহাড়ধসে আরও দুজনের প্রাণ গেছে। সব মিলিয়ে জেলায় পাহাড়ধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

সর্বশেষ আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় পাহাড়ধসে নাছিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় ৮ জন রোহিঙ্গা নিহত হন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এদিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের সাত্তার ঘোনা এলাকায় সোমবার গভীর রাতে পাহাড়ের মাটি টিনের ঘরের ওপর ধসে পড়ে আলী আকবর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আলম্ম্যার ঝিরি এলাকায় সোমবার বিকেলে পাহাড়ধসে মোহাম্মদ মিনহাজ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির নানী জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দরিয়ানগর এলাকায় পাহাড়ের পাদদেশে থাকা একটি বসতঘরের ওপর মাটি ধসে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় নাছিমা আক্তারকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তাঁর স্বামী জসিম উদ্দিন ও এক শিশু গুরুতর আহত হন। জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, চলমান দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা করা হয়েছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসন মাঠে কাজ করছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করে কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন