ভারি বর্ষণে ডুবল চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকা

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
ভারি বর্ষণে ডুবল চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকা

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে রেকর্ড পরিমাণ ভারি থেকে অতিভারি বর্ষণ হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সমুদ্রবন্দরগুলোতে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। এ সময় চট্টগ্রাম জেলায় দেশের সর্বোচ্চ ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯৫, চট্টগ্রামের আমবাগানে ১৭৭, সন্দ্বীপে ১৬৭ এবং পাহাড়ি জেলা বান্দরবানে ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অতিভারি বৃষ্টির কারণে উপকূলের নিচু এলাকা প্লাবিত হওয়া ও জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জনসাধারণকে বজ্রপাত ও জলাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকতে এবং নিয়মিত আবহাওয়া বার্তার ওপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন