আড়াইহাজারে নদীতে ভেসে উঠল কুমির, এলাকায় আতঙ্ক
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর শাখা হাঁড়িধোয়া নদীতে একটি বড় আকৃতির কুমির দেখা গেছে। গত রোববার উপজেলার জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া এলাকায় প্রথম কুমিরটির সন্ধান মেলার পর আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে একই নদীর উচিতপুরা ব্রিজের নিচে সেটিকে পুনরায় ভাসতে দেখেন স্থানীয়রা। নদীতে কুমির আসার খবরে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যার দিকে জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া জামে মসজিদের ঘাটে কুমিরটি প্রথম ভেসে ওঠে। মসজিদের মুয়াজ্জিন মো. মাহফুজ প্রথম এটি দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন। এরপর নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক করতে স্থানীয় মসজিদে মসজিদে মাইকিং করা হয়। এর দুদিন পর মঙ্গলবার দুপুরে সামান্য দূরে উচিতপুরা ব্রিজের নিচে কুমিরটি আবার দেখা দিলে নদীপাড়ে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিরের ছবি ও ভিডিও ভাইরাল হলে আতঙ্ক আরও ঘনীভূত হয়।
নদীসংলগ্ন এলাকার জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই নদীতে নামতে ভয় পাচ্ছেন। এ বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান জানান, “মিঠা পানির এই কুমিরটির বিষয়ে স্থানীয়ভাবে আমাদেরকে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে খোঁজখবর নিয়ে বন্যপ্রাণী নিয়ন্ত্রণ ও সংরক্ষণ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এআইএল/সকালবেলা
|