ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
ভাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ফাতেমা (১৯) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার পৌর এলাকার কাপুড়িয়া সদরদী রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খুলনা থেকে ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি কাপুড়িয়া সদরদী এলাকা অতিক্রম করার সময় ফাতেমা ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রবাসী সাইফুল শিকদারের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। চার মাস আগে সাইফুল দেশে ফিরলেও ফাতেমাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাননি। এ নিয়ে তাঁদের দাম্পত্য জীবনে কলহ ও টানাপোড়েন চলছিল। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালেও রেললাইনের পাশে এক যুবকের সঙ্গে ফাতেমার কথাকাটাকাটি ও অশান্তির ঘটনা ঘটেছিল।

রেলওয়ে পুলিশের এসআই সাফুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন