অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক: আগামী অক্টোবর মাস থেকে দেশজুড়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, শুরু হওয়া এই নির্বাচন প্রক্রিয়া আগামী বছরের (২০২৭ সাল) অক্টোবরের মধ্যে সম্পূর্ণ শেষ করা হবে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং এর অংশ হিসেবে একটি সুনির্দিষ্ট নির্বাচনী ‘রোড ম্যাপ’ (কর্মপরিকল্পনা) তৈরি করছে।
গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষের বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, গত জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বিদ্যুৎবিল আসার ব্যাপারে জনগণের পক্ষ থেকে বেশ কিছু গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জনগণের এই ভোগান্তির বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। অতিরিক্ত বিল আসার মূল কারণ উদ্ঘাটনে যথাযথ তদন্ত করা হবে এবং এর সাথে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশে অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে খাদ্য চাষ এবং খাদ্য সংরক্ষণ—উভয় পর্যায়েই খাদ্যপণ্যে প্রচুর ক্ষতিকারক রাসায়নিক (কেমিক্যাল) ব্যবহার করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এই নৈরাজ্য ঠেকাতে দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা (তথ্য) সংগ্রহ করে একটি সেন্ট্রাল তথ্যভাণ্ডার বা ডাটাবেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য ব্যবসার সঙ্গে জড়িতদের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ ঠেকাতে মোবাইল কোর্টসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। বিস্ফোরণের পেছনে যারা জড়িত, তাদের দ্রুততম সময়ে আটক করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে কটূক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মহান ত্যাগ নিয়ে কটূক্তি করা কিংবা নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। তবে দেশের বর্তমান প্রচলিত আইনি কাঠামো বা ধারা অনুযায়ী এটি সরাসরি কোনো ফৌজদারি অপরাধের (ক্রিমিনাল অফেন্স) পর্যায়ে পড়ে না। ভবিষ্যতে জুলাই অভ্যুত্থানকে অসম্মান করে করা এসব মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলে আলোচনা বা বিতর্ক চলতে পারে।’
|