কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের এক কেন্দ্রীয় বৈঠকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানানো হয়েছে। একই সাথে মুসলমানদের ধর্মীয় কাজে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

সোমবার (৬ জুলাই) রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি মসজিদে জুমার নামাজের পর খতমে নবুওয়ত বিষয়ক আলোচনায় পুলিশি বাধার তীব্র সমালোচনা করা হয়। বক্তারা বলেন, বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নে সাধারণ মুসলমানরা কাদিয়ানী সম্প্রদায়ের বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সেখানে মুসলমানদের সম্পত্তি জবরদখল এবং ধর্মান্তরের অপচেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে কাদিয়ানীদের ন্যাশনাল আমিরের ওই এলাকায় অবস্থান স্থানীয়দের মাঝে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, কাদিয়ানীদের ঈমান ও ইসলামবিরোধী তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে, উল্টো পুলিশ প্রশাসন মসজিদে মুসলমানদের ঈমানী আলোচনায় বাধা দিয়ে দেশের ৯২ ভাগ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, “কাদিয়ানীরা মুসলমান পরিচয় দিয়ে সরলমনা মুসলিমদের ধোঁকা দিচ্ছে এবং তাদের ঈমান হরণ করছে। মুসলমানদের ঈমান-আকিদা রক্ষায় সরকারকে অবিলম্বে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং তাদের জন্য ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করতে হবে। অন্যথায় তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

বৈঠকে ছারছিনার পীর শাহ সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইউনুস ঢালীসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন