ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: চিফ হুইপ
সংসদ প্রতিবেদক: জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং দেশে সুদৃঢ় আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি (UNDP) কর্তৃক যৌথভাবে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চীফ হুইপ বলেন, “আইন প্রয়োগ ও শাস্তির বিধান কার্যকর রেখে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। অপরাধী যেই হোক না কেন, অপরাধের ধরন ও গুরুত্ব অনুযায়ী তাকে অবশ্যই আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিজেও অতীতে দীর্ঘদিন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন, তবে তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে প্রকৃত ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছেন।
আইন সংস্কারের গুরুত্ব তুলে ধরে মো. নূরুল ইসলাম বলেন, অতীতে বহু মানুষ বছরের পর বছর অপেক্ষা করেও স্বজন হত্যার বিচার পাননি। বর্তমান সরকার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিচ্ছে। একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের যেকোনো গঠনমূলক মতামতকে সরকার স্বাগত জানায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের কূটনৈতিক প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|