জেট ফুয়েলের দাম কমলো ১৯ টাকা
অর্থনীতি ডেস্ক: অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটের উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমে এখন ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বিইআরসি।
বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত জুন মাসেও জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছিল। তখন জুনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। তারও আগে মে মাসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। পরবর্তীতে ৭ এপ্রিল আবারও দাম বৃদ্ধি করা হয়। তবে মে, জুন এবং চলমান জুলাই মাসে টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়ে আনা হলো।
এআইএল/সকালবেলা
|