আ: লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না: আবিদ
বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার এবং স্বৈরাচারের দোসরদের রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “স্বৈরাচারের প্রতিটি অঙ্গসংগঠন ও ব্যক্তিকে বলতে চাই, আপনারা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য অনুতপ্ত হয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হোন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা তো দূরের কথা, দলটির একটি অর্গানকেও দেশের মাটিতে আর কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এটাই আমাদের স্পষ্ট ও শেষ কথা।”
সোমবার (৬ জুলাই) রাতে আবিদুল ইসলাম খানের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপলোড করা এক ভিডিওতে তাঁকে এই হুঁশিয়ারি দিতে শোনা যায়।
বিগত আন্দোলনের স্মৃতিচারণ করে ছাত্রদলের এই নেতা বলেন, “আমি ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেখেছি, আমাদের বোনদের ওপর হামলা ও আহত হতে দেখেছি। একই সাথে ঢাকার বাড্ডায় ছাত্রদল নেতা জিল্লুরের রক্তাক্ত মরদেহ দেখেছি। সেই শহীদদের লাশকে সাক্ষী রেখেই আমরা খুনি হাসিনার পতনের চূড়ান্ত স্লোগান তুলেছিলাম।”
ভয়ভীতিহীন সংগ্রামের কথা উল্লেখ করে আবিদুল ইসলাম আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিনে আমি ছোট্ট শিশু আনাসের নিথর দেহ দেখেছি। সুতরাং আমরা লাশ ও রক্ত দেখেই এই গণঅভ্যুত্থান সফল করেছি। আন্দোলনে অংশ নিয়ে আমি যে আজ বেঁচে আছি, সেটাকে নিজের জীবনের জন্য বড় বোনাস মনে করি। তাই আমাদের কাছে ‘জুলাই’ মানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আপসহীন সংগ্রাম। এই ত্যাগের সংগ্রামকে সমুন্নত রাখতে শত অনৈক্যের মাঝেও আমরা সবসময় ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব।”
এআইএল/সকালবেলা
|