এনসিপির সমাবেশে হামলা: যুবলীগের ২ নেতা রিমান্ডে

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
এনসিপির সমাবেশে হামলা: যুবলীগের ২ নেতা রিমান্ডে

সাভার প্রতিনিধি: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগের দুই নেতাকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন—সাবেক যুবলীগ নেতা নুরুল ইসলাম ও সজিব।

এর আগে আজ মঙ্গলবার সকালে আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার ইমতিয়াজ। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, হামলার মূল রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং আসামিদের হেফাজত থেকে আরও বিস্ফোরক উদ্ধারের জন্য তাঁদের নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পুলিশ জানায়, সোমবার রাতে এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর আজ মঙ্গলবার সকালে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে নুরুল ইসলাম ও সজিবকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী, দুজন গণমাধ্যমকর্মীসহ দলের অন্তত ছয়জন নেতাকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন—শহীদপিতা মান্নান গাজী, শাহীন খন্দকার, জসীম উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পারসন মো. মজনু এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাঈদুল ইসলাম। তাঁরা বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন