দুর্নীতির মামলায় আ: লীগ নেতা মুর্শেদীর বিচার শুরু
আদালত প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ এলাকার ২৭ কাঠা সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার (৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সাথে আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এদিন সকালে কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা বাকি আসামিরা আদালতে হাজিরা দেন। আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী, মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
সালাম মুর্শেদী ছাড়া মামলার বাকি উল্লেখযোগ্য আসামিরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান আবাসিক এলাকার ওই পরিত্যক্ত সরকারি সম্পত্তিটি অবমুক্তকরণ ছাড়াই ভুয়া রেকর্ড তৈরি করেন। পরবর্তীতে অবৈধভাবে নামজারি ও হস্তান্তরের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাৎ করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়েছিল।
এআইএল/সকালবেলা
|