টানা ৫ দিন বন্ধ টেকনাফ–সেন্টমার্টিন নৌপথ
কক্সবাজার প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগর উত্তাল থাকায় টানা পাঁচ দিন ধরে কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্টমার্টিন দ্বীপ। ফলে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সরবরাহের ঘাটতি ও খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছেন দ্বীপের এইচএসসি পরীক্ষার্থীরা।
গত ২ জুলাই সকাল থেকে আজ সোমবার (৬ জুলাই) পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই নৌপথে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, টানা পাঁচ দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। প্রতি বছর জুন-জুলাই মাসের বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে জরুরি ও মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ বা কক্সবাজার সদরে নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের মূল ভূখণ্ডে আসার ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এই নৌপথের ২৬টি ট্রলারের সবগুলোই বর্তমানে বন্ধ রয়েছে। ট্রলার টিকিট বিক্রেতা ফারুক আহমেদ জানান, সতর্কসংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রশাসন চলাচলের অনুমতি দিচ্ছে না। ফলে টেকনাফ ও সেন্টমার্টিন—উভয় প্রান্তে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, সেন্টমার্টিনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আনা নিশ্চিত করতে শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্টগার্ডের বড় ট্রলার বা জাহাজের সহযোগিতা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, “প্রতিকূল আবহাওয়ার কারণে নৌপথটি বন্ধ রাখতে হয়েছে। তবে দ্বীপে আটকে থাকা এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইতোমধ্যে অবহিত করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এআইএল/সকালবেলা
|