গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ যাচাই এবং লেক দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-প্রেস সচিব জানান, সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে যেসব আবাসিক ও বাণিজ্যিক ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা দ্রুত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এ ছাড়া লেক ও এর সাথে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সাথে কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সেজন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন