ব্রাজিলের পরাজয়ে কুষ্টিয়ায় এক সমর্থকের আত্মহত্যা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রতন (২০) ওই গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ফুটবল ম্যাচে ব্রাজিলের খেলা দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর তাঁকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন স্বজনরা। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, তাঁর ছেলে ব্রাজিল দলের সমর্থক ছিল। রাতে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর তাঁর মন খারাপ ছিল। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট অন্য কোনো কারণ তাঁরা বুঝতে পারছেন না। স্বজনরা জানান, দুই মাস বয়সী কন্যাসন্তান জন্মের পর থেকে রতনের স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় রতন ঘরে একাই ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুধু পছন্দের ফুটবল দল হেরে যাওয়ায় কেউ আত্মহত্যা করেছে, এমনটি বলার সুযোগ নেই। বিষয়টি তদন্তসাপেক্ষ।” তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় এবং স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা
|