জুলাই শহীদদের ব্যঙ্গ: চাকরি খোয়ালেন সেই জিনাত
ক্যাম্পাস প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের হেয় প্রতিপন্ন ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-র জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক জিনাত জোয়ার্দার রিপাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠিতে বলা হয়, বিইউবিটি কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার প্রতি 'শূন্য সহনশীলতা' নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করার দায়ে তাঁকে ৫ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তদন্ত কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। একই সাথে তাঁকে সমস্ত দাপ্তরিক নথি ও চাবি জমা দিয়ে ক্যাম্পাস সীমানার বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ওই কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুরের রূপনগরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জিনাত জোয়ার্দার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবের সময় শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার মতো নির্মম ঘটনাকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের বিইউবিটির অহংকার শহীদ সুজন মাহমুদ ও শহীদ তাহমিদ আব্দুল্লাহ নিজেদের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছেন। অথচ এই ক্যাম্পাসেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা শহীদদের রক্ত নিয়ে উপহাস করার দুঃসাহস দেখিয়েছেন। যাদের মনে শহীদদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নেই, তাদের এই পবিত্র শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকার নেই।”
অবশ্য বরখাস্তের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কর্মকর্তা জিনাত জোয়ার্দার দাবি করেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
এআইএল/সকালবেলা
|