ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ভাঙ্গার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সজল শাখারী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সাবেক যুবদল নেতা মনিরুজ্জামান মনি মুন্সী, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, বিআরডিবি সভাপতি সাইফুল আলম সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বিআরডিবির সুফলভোগীরা।
এআইএল/সকালবেলা
|