কিশোরগঞ্জে টিসিবির নতুন নীতিমালা বাতিলের দাবি
কিশোরগঞ্জ প্রতিনিধি: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নতুন ডিলার নীতিমালাকে স্বৈরাচারী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের ডিলাররা। একই সঙ্গে পূর্বের সকল ডিলারকে বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের টিসিবি ডিলারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল আলম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নতুন নীতিমালায় ডিলারদের নবায়ন প্রক্রিয়াকে পরিবর্তন করে আবেদননির্ভর করা হয়েছে, যা হয়রানির সুযোগ সৃষ্টি করবে। গত বছর যাদের ডিলারশিপ নবায়নের কথা ছিল, তাদের মধ্যে অনেকেরই নবায়ন বাতিল করা হয়েছে। আর চলতি ২০২৬ সালের সংশোধিত নীতিমালায় ৩০ জুন ২০২৬-এর মধ্যে নবায়নযোগ্য ডিলারদের সরাসরি বাতিল করা হয়েছে, যা সুস্পষ্ট বৈষম্য।
ডিলাররা অভিযোগ করেন, বিদ্যমান ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা মূলত একটি বড় নিয়োগ বাণিজ্যের সুযোগ তৈরি করবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই নতুনরা ডিলারশিপের আশায় জমিজমা বন্ধক রেখে তদবির ও বিপুল অঙ্কের অর্থ নিয়ে দরকষাকষি শুরু করেছেন।
ডিলাররা আরও প্রস্তাব করেন, বর্তমানে কার্ডধারী প্রতি ভোক্তার ভর্তুকি ৩০০ টাকা থেকে অর্ধেকে নামিয়ে আনলে অতিরিক্ত সরকারি ব্যয় ছাড়াই আরও এক কোটি নতুন ভোক্তাকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব। সেই সাথে বর্তমান ডিলারদের বহাল রেখেই আরও ৮-১০ হাজার নতুন ডিলার নিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে টিসিবি ডিলার মিনহাজুল আবেদীন, কামরুল ইসলাম, আলী আসকর, ওয়ালীদুল ইসলাম ও মোকারম হোসেনসহ জেলা উপজেলার অন্যান্য ডিলাররা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|