বাঘাইছড়িতে পাহাড় ধসে বৃদ্ধ নিহত

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
বাঘাইছড়িতে পাহাড় ধসে বৃদ্ধ নিহত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি পৌর এলাকায় টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষী বিলাশ চাকমা ওই এলাকার মৃত দ্রোণাচার্য চাকমার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিনের টানা বর্ষণের কারণে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লক্ষী বিলাশের বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়েছিল। মঙ্গলবার সকালে তিনি ঘরের পাশ থেকে ধসে পড়া মাটি সরাতে যান। এ সময় হঠাৎ ওপর থেকে একটি কাঁঠাল গাছের গুঁড়িসহ বিপুল পরিমাণ মাটি পুনরায় তাঁর গায়ের ওপর ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে মাটি ও গাছের গুঁড়ি সরিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সরকারি সহায়তার আশ্বাস দেন।

ইউএনও আমেনা মারজান জানান, টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন