বৌদির সঙ্গে স্বামীর পরকীয়া: সংসারের দাবিতে স্ত্রীর অনশন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর ঘরে ফেরার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি তাঁর স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে এই অনশন কর্মসূচি শুরু করেন।
অনশনরত ডা. বন্যা মজুমদার অভিযোগ করে বলেন, তাঁর স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তাঁর আপন বৌদির (ভাইয়ের স্ত্রী) পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি তিনি জানতে পারার পর থেকেই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রেখে তাঁকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
তিনি আরও জানান, তিনি কোনো সামাজিক সংঘাত চান না। একটি সুষ্ঠু ও সুন্দর সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি স্বামীর বাড়ির সামনে অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
এলাকার একাধিক বাসিন্দা জানান, ডা. বন্যার বিরুদ্ধে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও বাস্তবে এর কোনো সত্যতা মেলেনি। মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যৌতুক ও অন্যান্য কারণে তাঁর সঙ্গে এমন অমানবিক আচরণ করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেন।
স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, “বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার সামাজিকভাবে সালিস-বৈঠকের উদ্যোগ নিয়েছি, কিন্তু শতদলের পরিবারের একগুঁয়েমির কারণে কোনো সমাধান হয়নি। অথচ সবকিছু ভালোমতো যাচাই-বাছাই করেই এই বিয়ে সম্পন্ন হয়েছিল।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, “আমার স্ত্রী বাড়ির সামনে অনশনে বসেছে কি না, বিষয়টি আমার জানা নেই। আমি ইতিমধ্যে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছি। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় থাকায় আমার আইনজীবীর পরামর্শে গণমাধ্যমে বিস্তারিত কোনো বক্তব্য দিতে পারছি না।”
এআইএল/সকালবেলা
|