চারঘাটে শিশু ধর্ষণ: আসামি দেব চন্দ্র দাস গ্রেফতার
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেব চন্দ্র দাস চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার দেব চন্দ্র দাস তার প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্রের বাড়ি থেকে তিনি শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ৮ ঘণ্টার মধ্যে আসামিকে মহানগরের মতিহার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৫।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এআইএল/সকালবেলা
|