সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর সর্বস্ব লুট করল ডাকাতেরা

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর সর্বস্ব লুট করল ডাকাতেরা

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমানের (৪০) মাইক্রোবাসে হানা দিয়ে পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপয়েন্টের অদূরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহমুদুল হাসান আরমান কুমিল্লার ফেনী থেকে সপরিবারে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার কাছে পৌঁছালে ডাকাত দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো ‘হ্যাজার্ড লাইট’ জ্বালিয়ে একটি মাইক্রোবাস দিয়ে প্রবাসীর গাড়িটিকে সিগন্যাল দেয়। পাশেই পুলিশ চেকপয়েন্ট থাকায় চালক সেটিকে পুলিশের গাড়ি মনে করে ব্রেক করেন। গাড়ি থামানোমাত্রই ডাকাত দল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আরমান ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানসহ সপরিবারের ওপর চড়াও হয়। ডাকাতেরা তাঁদের এলোপাতাড়ি মারধর করে আতঙ্ক সৃষ্টি করে।

ডাকাতেরা মুহূর্তের মধ্যে গাড়ি থেকে একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্সসহ ৩টি দামি মোবাইল ফোন, ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং জাপানি ভিসাসহ পরিবারের সবার পাসপোর্ট ছিনিয়ে নেয়। এর ফলে আরমান ও তাঁর পরিবারের জাপানে ফেরার যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। ডাকাতির পর রাতেই ভুক্তভোগী পরিবার সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, হাইওয়েতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জাপান প্রবাসীর অতি জরুরি পাসপোর্ট ও ভিসা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন