জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ণ
জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুক ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, প্রায় দেড় দশক আগে ইসমত আরার সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয় এবং তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। ২০১২ সালের ১১ ডিসেম্বর ইসমত আরার ভাই তাঁকে বাবার বাড়ি নিয়ে যেতে চাইলে আনোয়ার বাধা দেন এবং স্ত্রীর ওপর চড়াও হন। ওই দিন রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের কোনো একসময় আনোয়ার হোসেন নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ প্রতিবেশী হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান।

হত্যাকাণ্ডের পরদিন ২০১২ সালের ১২ ডিসেম্বর নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষীদের জবানবন্দি ও ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই সর্বোচ্চ শাস্তির আদেশ দেন।

আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, "এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার সুশাসন ও ন্যায়বিচার পেয়েছে, যা সমাজে অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন