বিআরটিএর কভার ফটোতে এখনো রয়েছে শেখ মুজিব
নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী জেলা কার্যালয়ের ফেসবুক পেজের কভার ফটোতে এখনো শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার বহাল রাখায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সরকারি একটি প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্মে এমন ছবি জিয়ো রাখার বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ২০২১ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রার ছবি ওই পেজের কভার ফটো হিসেবে ঝুলছিল। পেজটিতে নিয়মিত দাপ্তরিক কর্মকাণ্ডের ছবি ও তথ্য আপলোড করা হলেও কভার ফটোটি দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রাখা হয়েছিল। এমনকি গত মঙ্গলবার পেজের প্রোফাইল পিকচার পরিবর্তন করা হলেও কভার ফটোটি আগের মতোই রেখে দেওয়া হয়। অনেকের দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সংশ্লিষ্ট কর্মকর্তা এই উদাসীনতা দেখিয়েছেন।
এই বিষয়ে নীলফামারী বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি.) এস এম মাহবুবুর রহমানের সাথে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই পেজের এক্সেস পাচ্ছিলাম না। তাই তথ্য সংশোধন করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার এক্সেস ফিরে পেয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছি।” তবে কভার ফটো কেন বদলানো হয়নি—জানতে চাইলে তিনি বিষয়টি দেখছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং এর কিছুক্ষণের মধ্যেই কভার ফটোটি পেজ থেকে সরিয়ে ফেলা হয়।
এদিকে দীর্ঘদিন পেজের নিয়ন্ত্রণ না থাকার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। কারণ ২০২৪ সাল থেকে এই কার্যালয়ে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বিগত ২০২৫ সালেও পেজটিতে অসংখ্য দাপ্তরিক পোস্ট দিয়েছেন। সচেতন মহলের অভিযোগ, রাজনৈতিক দুর্বলতার কারণেই কভার ফটোটি এতদিন বহাল রাখা হয়েছিল। একই সাথে নীলফামারী বিআরটিএ-তে এমন আওয়ামীপন্থী কর্মকর্তাদের বহাল থাকা এবং তাঁদের নানা অনিয়ম নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা
|