ভ্যান ঠেলে প্রশংসা পেলেন গাইবান্ধার এমপি

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
ভ্যান ঠেলে প্রশংসা পেলেন গাইবান্ধার এমপি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা ও কাদাময় কাঁচা সড়কে আটকে পড়া একটি মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমান সরকার। ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেহাল কাঁচা সড়কে মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান টেনে তুলতে চালক যখন চরম হিমশিম খাচ্ছিলেন, ঠিক তখনই সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার নিজে এগিয়ে গিয়ে ভ্যানটি পেছন থেকে ঠেলে দেন। এ সময় তাঁর সাথে থাকা কয়েকজন নেতাকর্মীও তাঁকে সহযোগিতা করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এমপির এই মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন, আবার কেউ কেউ একে ইতিবাচক বললেও এলাকার দীর্ঘদিনের অবহেলিত সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। কেউ আবার একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন।

এই বিষয়ে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান সরকার বলেন, “ঘটনার দিন আমি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। রামজীবন ইউনিয়নের কইকই কাশদহ গ্রামে গিয়ে দেখি ভাঙা ও কাদাময় সড়কে মালবোঝাই একটি ভ্যান আটকে আছে এবং চালক নিরুপায় হয়ে সহায়তার জন্য অপেক্ষা করছেন। একজন জনপ্রতিনিধি ও মানুষ হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি ভ্যানটি ঠেলে সহযোগিতা করেছি, এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন