৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক ঃ দেশের বৈদেশিক শ্রমবাজারকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমানে সরকারের বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

আরিফুল হক চৌধুরী সংসদকে জানান, “বৈদেশিক শ্রমবাজার সুসংহতকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং বিদ্যমান বাজার সংরক্ষণের লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ কর্মী গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে তাদের ভাষাগত সমস্যা দূরীকরণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।”

মন্ত্রী আরও বলেন, “আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ (আইএমটি) মোট ১১০টি আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড বা কোর্সে নিয়মিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

এদিকে, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের অপর এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “দেশের সাধারণ নাগরিকদের জন্য নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে, অভিবাসন ব্যয় কমাতে এবং দালালচক্রের সব ধরনের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কঠোরভাবে কাজ করছে। বিদেশগামী কর্মীদের দ্রুততম সময়ে পাঠানো, মধ্যস্বত্বভোগীদের অন্যায় দৌরাত্ম্য হ্রাস, সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের ভর্তি, মনিটরিং, সনদায়ন, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইং হতে ডিমান্ড লেটার বা ভিসা সত্যায়ন এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ সামগ্রিক অভিবাসন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সহজতর করতে আধুনিক ‘বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম’ (ওইপি) চালু করা হয়েছে। এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে অভিবাসনের বিভিন্ন পর্যায়ে দালালদের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।”

তিনি জাতীয় সংসদকে আরও অবহিত করেন যে, তৃণমূল পর্যায়ের দালাল বা সাব-এজেন্টদের জবাবদিহিতা ও আইনি কাঠামোর আওতায় আনার জন্য সরকার ইতিমধ্যে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫)’ সফলভাবে প্রণয়ন করেছে। এছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও বাস্তবায়ন করার জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে যথাক্রমে ‘জেলা অভিবাসন সমন্বয় কমিটি’ এবং ‘উপজেলা অভিবাসন সমধা কমিটি’ গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ে প্রতারণা রোধে কার্যকর ভূমিকা রাখছে।

মন্তব্য করুন