মাদারীপুরে আ: লীগ ত্যাগ করলেন চেয়ারম্যানসহ ১২ নেতা
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বরসহ ১২ জন ইউপি সদস্য এবং শতাধিক কর্মী-সমর্থক আওয়ামী লীগের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যানের ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের ১২ জন সদস্য মৌখিকভাবে দল ত্যাগের ঘোষণা দেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী আসনের সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগম। এ সময় তাঁদের সঙ্গে থাকা শতাধিক দলীয় অনুসারীও একযোগে দল ত্যাগের কথা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর বলেন, "মূলত এলাকার সর্বস্তরের জনগণের সেবা করার উদ্দেশ্যেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের পাশে থেকে নির্বিঘ্নে কাজ করার স্বার্থেই আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।" সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বিএনপি যদি তাঁকে সুযোগ দেয়, তবে তিনি দলটিতে যোগ দিয়ে জনগণের হয়ে কাজ করতে আগ্রহী।
এআইএল/সকালবেলা
|