কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা খালেক গ্রেফতার
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার (রাজু)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আব্দুল খালেক সরকার জালালপুর ইউনিয়নের উত্তর চরদক্ষিয়া নদীর পাড় গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বুধবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ডে অবস্থানকালে খালেক সরকারকে ঘেরাও করে আটক করা হয়। পুলিশ জানায়, বিগত রাজনৈতিক সংঘাত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে।
গ্রেফতারের পর রাতেই আব্দুল খালেক সরকারকে কটিয়াদী মডেল থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|