আ.লীগ আমলের ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
আ.লীগ আমলের ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ
অনলাইন ডেস্ক ঃ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে নিহত ব্যক্তিদের সম্পর্কিত যাবতীয় সরকারি রেকর্ড ও তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে যৌথভাবে এই নোটিশ পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই লিগ্যাল নোটিশটি পাঠান। নোটিশ পাওয়ার আগামী ১৪ দিনের মধ্যে ৮টি সুনির্দিষ্ট বিষয়ে সরকারি তথ্য সরবরাহ বা প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে চাওয়া ৮ দফা তথ্যসমূহ:

১. আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘এনকাউন্টার’ বা অনুরূপ অভিযানে সরকারি রেকর্ড অনুযায়ী মোট কতজন ব্যক্তি নিহত হয়েছেন তার একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তালিকা। একই সঙ্গে নিহত প্রত্যেক ব্যক্তির নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পরিচয় এবং প্রত্যেকটি ঘটনার সুনির্দিষ্ট তারিখ, সময় ও স্থানের বিবরণ। ২. কোন সুনির্দিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কোন ব্যক্তি নিহত হয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। ৩. সংশ্লিষ্ট অভিযানগুলোতে নেতৃত্বদানকারী কর্মকর্তা এবং আইনগতভাবে প্রকাশযোগ্য সরকারি রেকর্ড অনুযায়ী অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও কর্মস্থল। ৪. প্রতিটি ঘটনার পর দায়েরকৃত এজাহার (এফআইআর), সাধারণ ডায়েরি (জিডি), সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত (পোস্টমর্টেম) প্রতিবেদন, ম্যাজিস্ট্রেট তদন্ত প্রতিবেদন, বিভাগীয় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য সরকারি তদন্তের বর্তমান অবস্থা ও আইনি ফলাফল (যেখানে আইন অনুযায়ী প্রকাশযোগ্য)। ৫. কোনো সরকারি তদন্ত, বিচারিক অনুসন্ধান বা অন্য কোনো আইনসম্মত প্রক্রিয়ায় কোনো ঘটনাকে যদি ইতিমধ্যে ‘বেআইনি’ বা ‘বিচারবহির্ভূত হত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, তবে সে সম্পর্কিত যাবতীয় তথ্য ও গৃহিত সিদ্ধান্তের বিবরণ। ৬. ঘটনার প্রেক্ষিতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে যদি কোনো বিভাগীয়, প্রশাসনিক বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট সদস্যদের নাম, পদবি, গৃহীত ব্যবস্থা, মামলার বর্তমান অবস্থা এবং চূড়ান্ত ফলাফল। ৭. নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্র বা কোনো সংস্থার পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ, পুনর্বাসন বা অন্য কোনো মানবিক সহায়তা প্রদান করা হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ। ৮. ভবিষ্যতে এই ধরনের বিচারবহির্ভূত বা বেআইনি ঘটনা প্রতিরোধে সরকার বা সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বর্তমান নীতিমালা, প্রাতিষ্ঠানিক নির্দেশনা বা সংস্কারমূলক পদক্ষেপের বিবরণ।

নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, উপরোক্ত অত্যন্ত সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ তথ্যগুলো আগামী ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে সরবরাহ করা না হলে অথবা এই বিষয়ে আইনানুগ ও সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে, দেশের সংবিধান ও আইনের বিধান অনুযায়ী পরবর্তী নির্দেশনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে।

মন্তব্য করুন