নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ
নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ নিজ জমিতে কৃষিকাজ করার সময় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকে এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজের জমিতে কৃষিকাজ করতে যান। সকালের দিকে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদারও মাঠে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পৃথক এই দুটি ঘটনায় দুটি পরিবারে ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বৈরী আবহাওয়ার সময় কৃষকদের খোলা মাঠে কাজ না করার এবং বজ্রপাতের লক্ষণ দেখলে দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন