সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (৮ জুলাই) বিকেলে সিলেট মহানগরের কোতোয়ালী থানাধীন রিকাবিবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে। তিনি মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি ছিলেন।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিম ও আসামি হাবিব একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ১৮ জুন রাতে ভিকটিমের স্বামী ও শ্বশুর কাজের সূত্রে বাড়ির বাইরে থাকার সুযোগে রাত ২টার দিকে হাবিব তাঁর সহযোগীদের নিয়ে ভিকটিমের ঘরে ঢোকেন। ভিকটিম দরজা খোলামাত্রই হাবিব তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। অন্য সহযোগীরা তখন বাইরে পাহারায় ছিলেন। পরে রাত ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি টের পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা পালিয়ে যান।
এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিএসসি (সিলেট) ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সিলেটের রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাবিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|