লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে—খন্দকার পাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে মায়েশা আক্তার (৩.৫) ও টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে মুজাহিদুল ইসলাম (৩)। স্বজনদের ধারণা, ছোট ভাই মুজাহিদকে বাঁচাতে গিয়ে বোন মায়েশারও মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়েশা ও মুজাহিদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে মুজাহিদ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তাকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে ডুবে যায়। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করেন স্বজনরা। দ্রুত তাদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, "একজনকে বাঁচাতে গিয়ে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাদের পরিবারে এখন শোকের ছায়া।"

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান বলেন, "পানিতে ডোবা দুটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।"

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, "পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন