দিনাজপুরে একই দিনে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
দিনাজপুরে একই দিনে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ ও সদর উপজেলায় একই দিনে এক কিশোরী ও এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের অস্বীকৃতির কারণে আবেগের বশবর্তী হয়ে দুজনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) সকালে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের শ্রীমহন্তপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রী প্রিয়া রানী দাসের (১৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই দিন সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল জালিয়াপাড়া এলাকায় কাকন রায় (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। কাকন বোচাগঞ্জ উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং সে তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে প্রিয়া রানী দাসের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কাকন মানসিকভাবে ভেঙে পড়ে। সন্ধ্যায় সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীর তীরে একটি গাছের ডালে তাকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ন কবির আনাফ জানান, বোচাগঞ্জে যখন প্রিয়া রানী দাসের মরদেহ শ্মশানে সৎকার করা হচ্ছিল, ঠিক সেই সময় কাকন রায় অন্যদিকে নদীর তীরে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুজনের বাড়ি একই গ্রামে হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কিশোরী প্রিয়া রানী দাসের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী কিশোর কাকন রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে, একই গ্রামের এক কিশোরীর আত্মহত্যার পর এই ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন