সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ণ
সায়দাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট কমানোর লক্ষ্যে সায়দাবাদ বাস টার্মিনালটি কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে আগামী চার মাসের মধ্যে কাঁচপুরের প্রস্তাবিত টার্মিনালটিকে ব্যবহার উপযোগী করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।

নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ শেষ করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কাজটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড’ বাস্তবায়ন করবে।

এই স্থানান্তর ও নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো হবে। এছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে বিশাল শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট এবং প্রশাসনিক অফিস কক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, কাঁচপুর বাস টার্মিনালটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের প্রবেশমুখে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন