কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ
কোরআন শরিফ পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে আবু হোসেন মোল্লা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আবু হোসেন ওই গ্রামের জব্বার মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু হোসেন দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত। ঘটনার দিন সকালে তিনি তাঁর মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঘরে থাকা পবিত্র কোরআন শরিফ ও জমিজমার গুরুত্বপূর্ণ কাগজপত্র টেনে নিয়ে রান্নার চুলায় ঢুকিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি তাঁর অসুস্থ মাকেও বেদম মারধর ও শারীরিক নির্যাতন করেন।

পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ফেলার খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ ও সচেতন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে ভিড় করতে শুরু করলে খবর পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় বিকেলে আবু হোসেনের বাবা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে পাংশা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু হোসেনকে গ্রেফতার করে।

पांশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মা-বাবার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন