পীরগাছায় ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর আকুল আবেদন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
পীরগাছায় ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর আকুল আবেদন

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট এলাকার ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নুরজাহান বেগম (২৫) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। অর্থের অভাবে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন হলেও অসচ্ছল পরিবারের পক্ষে এই বিপুল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

নুরজাহান বেগম ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তরুণী এই গৃহবধূর চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে পরিবারের জমানো সঞ্চয়, গবাদিপশু এবং অন্যান্য জমিজমা ও সহায়-সম্বল বিক্রি করতে হয়েছে। বর্তমানে ধার-দেনার বোঝায় জর্জরিত পরিবারটির পক্ষে নতুন করে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে।

সবচেয়ে করুণ বিষয় হলো, নুরজাহান দুই সন্তানের জননী। তাঁর বড় ছেলে নূরজামাল (১২) এবং ছোট ছেলে ইউসুফ (৫) প্রতিদিন মায়ের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। কিন্তু অর্থসংকটে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে।

স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, "নুরজাহান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি আজ প্রায় নিঃস্ব। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে না এলে এই অসহায় মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।"

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, "দুটি ছোট সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। একজন মায়ের জীবন বাঁচাতে সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো নুরজাহান আবার সুস্থ হয়ে সন্তানদের কোলে ফিরে আসতে পারবেন।"

বিদ্যালয়ের পবিত্রতা ও মানবিকতার খাতিরে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নুরজাহান বেগমের চিকিৎসায় এগিয়ে আসার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নুরজাহান বেগমের পরিবার সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে। সবার সামান্য সহযোগিতাই হয়তো এক অসহায় মায়ের জীবন বাঁচাতে পারে এবং দুই শিশুর মাথার ওপর থেকে মাকে হারানোর শঙ্কা দূর করতে পারে।

সহায়তা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৩২৮৫৬০৩৮০

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন