বিজয়নগরে ইয়াবাসহ বৃদ্ধ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
বিজয়নগরে ইয়াবাসহ বৃদ্ধ মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইদ্রিছ মিয়া (৬৬) নামের এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিজয়নগর থানাধীন পত্তন ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ইদ্রিছ মিয়া কল্যাণপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি চৌকস দল দুপুরে কল্যাণপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিছ মিয়ার বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির নিজ দখলীয় টিনের বসতঘর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার সাথে হাতেনাতে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন