জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সরকারের দেশব্যাপী পরিবেশ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার দোহার ও ধামরাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

গত সোমবার (৬ জুলাই) দোহার এবং মঙ্গলবার (৭ জুলাই) ধামরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ।

উদ্বোধনকালে নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ বলেন, "সারা দেশে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই উদ্যোগ নিয়েছে। দোহার ও ধামরাইয়ে চারা রোপণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও এই কার্যক্রম চালানো হবে।"

তিনি জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "সবাই যার যার বাড়ির আঙিনায় ও পতিত জমিতে ফলদ, ভেষজ গাছ এবং শাকসবজি লাগাবেন। এতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। মনে রাখতে হবে, ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’।"

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় বিভিন্ন ফলদ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল নারিকেল, জলপাই, আমলকী, কাঠবাদাম, নিম ও কৃষ্ণচূড়া।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন