ভালো উত্তর দিতে পারলে জান্নাতে যেতে পারবেন: মন্ত্রীকে স্পিকার
সংসদ বিষয়ক প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের উদ্দেশে রসিকতা করে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের একটি সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।
অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামীম কায়সার লিংকন তাঁর নির্বাচনী এলাকার বিদ্যুৎ বিভ্রাটের চিত্র তুলে ধরে বলেন, ‘চারটি জেলার ১৯টি আসনের মধ্যে ধানের শীষ এখানে সংখ্যালঘু। মাননীয় স্পিকার, আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে, আমাদের আসনটা নাকি জান্নাতের পাদদেশে। কেন বলে জানি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের এলাকার কাছাকাছি মহাস্থানগড়ে এবং পলাশবাড়িতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সাবস্টেশন আছে। কিন্তু গোবিন্দগঞ্জের অবহেলিত পৌনে পাঁচ লাখ ভোটার এবং প্রায় ৬ লাখ অধিবাসীর জন্য কোনো সাবস্টেশন নেই। এর ফলে কোচাশহর হোসিয়ারি শিল্পের প্রায় ২ হাজার ক্ষুদ্র শিল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গতকালও ঝড়-বৃষ্টির কারণে এলাকায় ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না। তাই আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে জানতে চাই, এই কথিত জান্নাতের পাদদেশে একটি সাবস্টেশন স্থাপন করা হবে কিনা?’
সংসদ সদস্যের এই ব্যতিক্রমী প্রশ্নের পিঠে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হেসে বিদ্যুৎমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় বিদ্যুৎমন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন।’
স্পিকারের কথার পর উত্তর দিতে দাঁড়িয়ে শুরুতেই হাস্যরসের ছলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে। কারণ ওখানে আমার নানাশ্বশুরের বাড়ি।’ মন্ত্রীর এই সরস মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে। এরপর তিনি ওই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানান।
এআইএল/সকালবেলা
|