গজারিয়ায় দোকানে চুরি, থানায় লিখিত অভিযোগ

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ
গজারিয়ায় দোকানে চুরি, থানায় লিখিত অভিযোগ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুরচর এলাকায় একটি মুদি ও বিকাশ এজেন্টের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সবুজ মিয়ার পালিত ছেলে সাঈদের (সাহিদ) বিরুদ্ধে দোকান মালিক গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বালুরচর এলাকার বাসিন্দা সাথী আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় বালুরচর এলাকায় একটি মুদি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। বুধবার (৮ জুলাই) সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের দুটি তালা ভাঙা। পরে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা নগদ ১২ হাজার টাকা, একটি ব্যাগে রাখা প্রায় ২ লাখ টাকা, সিগারেটের কার্টন, মোবাইল ফোন ও কসমেটিকসসহ বিভিন্ন মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন। তাঁর দাবি, চুরি হওয়া মালামাল ও নগদের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বুধবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটায়।

এদিকে জসিম, স্বপন, কামরুন নাহার, টিপু, সুলতান ও নীরবসহ স্থানীয় অসংখ্য বাসিন্দা জানান, অভিযুক্ত সাঈদের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির ঘটনার সম্পৃক্ততা পাওয়া গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির আহমেদ বলেন, "চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন