ভাসানী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তিন দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একাডেমিক ভবনের জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়।

খেলা শেষ হওয়ার পর আবারও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরে রাত ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকদের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংঘর্ষে আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীদের শান্ত করতে গিয়ে আহত হন সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হাতাহাতির সূত্রপাত। উপাচার্যের নির্দেশনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন