নিরাপত্তাকর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিনিধি: রাজধানীর রমনা এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের আন্তরিক ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তাঁর কাছে উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে নীরবে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাঁর খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন রমনায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার তুলে দেন।
আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। স্ট্রোকের কারণে আগে গাড়িচালকের পেশা ছাড়তে বাধ্য হওয়া এই ব্যক্তি বর্তমানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি কখনো কল্পনাও করিনি আমার এই ছোট্ট ভালোবাসার প্রকাশ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে। তিনি যখনই এই পথ দিয়ে যান, আমি প্রতিদিন তাঁকে সালাম জানাই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে জবাব দেন। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।"
এআইএল/সকালবেলা
|