মেস ও বাসা খুঁজতে বেরোবি শিক্ষার্থীর অ্যাপ ‘ঘর বাড়ি’
বেরোবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কিংবা চলমান শিক্ষার্থীদের আবাসন পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মনের মতো মেস বা বাসা খুঁজে পাওয়া। শিক্ষার্থীদের এই চিরচেনা ভোগান্তি ও কষ্ট দূর করতে ‘ঘর বাড়ি’ (GhorBari) নামে একটি চমৎকার অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক কৃতী শিক্ষার্থী।
অ্যাপটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আবু পলাশ।
এই অ্যাপের সাহায্যে শিক্ষার্থীরা কোনো রকম ঝামেলা ছাড়াই বিভিন্ন মেস, বাসা ও আবাসিক হোটেলের খালি সিট বা রুমের বিস্তারিত তথ্য ঘরে বসেই জানতে পারবেন। অন্যদিকে, মেস মালিক কিংবা মেসের দায়িত্বে থাকা মনিটররা খুব সহজেই তাঁদের মেসের ফাঁকা সিটের তথ্য অ্যাপটিতে যুক্ত ও নিয়মিত হালনাগাদ (আপডেট) করতে পারবেন। এর ফলে আবাসন খোঁজার জন্য শিক্ষার্থীদের এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অপেক্ষা করা কিংবা রোদে-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় সশরীরে ঘুরে বেড়ানোর ভোগান্তি অনেকটাই কমে আসবে।
ইতোমধ্যেই ‘GhorBari’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। প্লে স্টোরে গিয়ে ইংরেজি অক্ষরে ‘GhorBari’ লিখে সার্চ করলেই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন ক্যাম্পাসে এসে মেস খুঁজে পাওয়া আমাদের জন্য যুদ্ধ জয়ের মতো কঠিন। সব মেসের তথ্য যদি একটি প্ল্যাটফর্মে পাওয়া যায়, তবে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি দুটোই বাঁচবে। ‘ঘর বাড়ি’ অ্যাপটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত দরকারি একটি উদ্যোগ।”
সাদিয়া ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা সাধারণত ফেসবুক গ্রুপ বা পরিচিতদের মাধ্যমে মেস খুঁজি, যা অনেক সময় নির্ভরযোগ্য হয় না। অ্যাপটিতে যদি নিয়মিত সঠিক তথ্য আপডেট করা হয়, তবে ছাত্র-ছাত্রীরা দারুণভাবে উপকৃত হবে।”
অ্যাপটির নির্মাতা আবু পলাশ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “মূলত নতুন ভাই-বোনদের আবাসন খোঁজার কষ্ট লাঘব করতেই আমি এই অ্যাপটি ডেভেলপ করেছি। বিশেষ করে বর্ষাকালে বা বৃষ্টির দিনে মেস খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হয়। সেই সমস্যার একটি আধুনিক ও সহজ সমাধান দিতেই আমার এই প্রচেষ্টা।”
তিনি আরও জানান, এই অ্যাপটি তৈরিতে তিনি তাঁর বিভাগের অগ্রজ (সিনিয়র) শিক্ষার্থী রনি ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, যিনি এর আগে ‘মেস ব্যবস্থাপনা’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। ‘ঘর বাড়ি’ অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশ করতে তাঁর নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৫ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে চালু রাখা হয়েছে।
আবু পলাশ বলেন, “এখানে যে কেউ খুব সহজে নিজের মেস বা বাসার তথ্য যুক্ত করতে পারবেন। যত বেশি তথ্য এখানে আসবে, অ্যাপটির কার্যকারিতা তত বাড়বে। ভবিষ্যতে এটিকে শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত, নির্ভরযোগ্য ও দেশের অন্যতম সেরা আবাসন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে আমার।”
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ও শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের এমন প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী উদ্যোগ নতুন ও বর্তমান শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত জটিলতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আবাসন ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও তথ্যনির্ভর করে তুলবে।
এআইএল/সকালবেলা
|