ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের ঘটনায় সমালোচনার ঝড়
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক অসহায়, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অমানবিক এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বিজয়পুর বাজার এলাকায় যাযাবর বা ভাসমান অবস্থায় জীবনযাপন করছিলেন। সারাদিন বাজারের আনাচে-কানাচে ঘুরে বেড়ানো এই নারী রাতে আশপাশের বিভিন্ন দোকানপাট কিংবা ফুটপাতে রাত্রিযাপন করতেন।
সম্প্রতি ওই নারী বিজয়পুর বাজারের ‘মাসুদ কনফেকশনারি’ নামক একটি দোকানের সামনে বরাবরের মতোই ফুটপাতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকন (৫০) নামের এক ব্যক্তি সেখানে এসে ঘুমন্ত অবস্থায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে শুয়ে থাকা এক মাঝবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করছে। পাশবিক এই নির্যাতন শেষে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে যায়। এই ফুটেজটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ফুটপাতে ধর্ষণের ঘটনাটি জানার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। অপরাধীকে শনাক্ত ও আইনের আওতায় আনতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশের একাধিক বিশেষ টিম পাঠানো হয়েছে। অভিযুক্ত খোকনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এআইএল/সকালবেলা
|