জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ
জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের
ফাইল ছবি
অনলাইন ডেস্ক ঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে জেলেদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এই সতর্কতার কথা জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের বরাত দিয়ে বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রত্যক্ষ প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে তীব্র দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উদ্ভূত আবহাওয়া পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন