মোটরসাইকেল দুর্ঘটনায় চাটখিলে তরুণের মৃত্যু
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে রাতের আড্ডায় চা খেতে যাওয়ার পথে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একই বাড়ির আবির নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। তিনি পেশায় একজন দক্ষ মোবাইল মেকানিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাজিম ও তার প্রতিবেশী আবির একটি মোটরসাইকেলযোগে আটঘর এলাকা থেকে উপজেলার দিঘীরপাড় এলাকায় চা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি দশঘরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহীই পিচঢালা সড়কে ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করেন। তবে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নাজিমের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অন্যদিকে, আবিরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নাজিমের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, নাজিম গত তিন বছর ধরে চাটখিল পৌর মার্কেটের 'সুজন টেলিকম'-এ অত্যন্ত সুনামের সাথে মোবাইল মেকানিক হিসেবে কাজ করে আসছিলেন। মাত্র একদিন আগে (বৃহস্পতিবার) তিনি সেই দোকান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। তার স্বপ্ন ছিল ঢাকায় গিয়ে আইফোন মেরামতের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেওয়া এবং নিজেকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার সেই স্বপ্নকে চিরতরে স্তব্ধ করে দিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "দুর্ঘটনার বিষয়ে নিহতের স্বজনরা এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এআইএল/সকালবেলা
|