হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। 

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার সাবদারপুর পুলিশ ফাঁড়িতে চরম দায়িত্বহীনতার কারণে এ ঘটনা ঘটে।

পলাতক ফরিদ হোসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। সে কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই তাকে পুনরায় গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান চালান। এ সময় স্থানীয় বাজার সংলগ্ন একটি স্কুলের পেছন থেকে সন্দিগ্ধ অবস্থায় ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়ির একটি কক্ষে এনে রাখা হয়। তবে গভীর রাতে ডিউটিরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সে হাতকড়াসহ ফাঁড়ি থেকে কৌশলে পালিয়ে যায়।

দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠা এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফাঁড়িতে বা মুঠোফোনে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, "ফরিদ হোসেন নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ ফাঁড়ি থেকে পালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। সে ঠিক কোন মামলার আসামি তা এই মুহূর্তে নথিপত্র না দেখে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে পুলিশ ফাঁড়ি থেকে আসামি পালানোর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন