সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল শুক্রবার রাতে আকস্মিকভাবে আলো নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধ ও তৎপরতায় সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রাতভর চরম উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ওপারে হঠাৎই তাদের বর্ডার সিকিউরিটি বাতি নিভিয়ে দেয় বিএসএফ। রোজকার নিয়মের বাইরে গিয়ে ঘটা এই ঘটনায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়। খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। একই সময়ে চকপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শক্ত অবস্থান নেন।
শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত লাইনে শত শত বাংলাদেশির উপস্থিতি ও চিৎকার-চেঁচামেচির মুখে ওপারে থাকা বিএসএফ সদস্যরা আবার আলো জ্বালাতে বাধ্য হয়। আলো জ্বলতেই দেখা যায়, সীমান্তের ওপারে বিএসএফের চারটি গাড়ি এবং সাদাপোশাকের কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি থমথমে থাকায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা রাতভর সীমান্তে অতন্দ্র পাহারা দেন। একপর্যায়ে পুশ-ইনের জন্য জড়ো করা লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
আজ শনিবার (৪ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় গ্রামবাসীর যৌথ ও প্রশংসনীয় তৎপরতায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের একটি বড় চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের অধীন সীমান্ত পিলার ১৮৩/৩-এস-এর কাছে আকস্মিকভাবে তাদের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের ‘মুসলিম পাড়া’ এলাকায় আনুমানিক ১২ জন মানুষের সমাগম লক্ষ্য করা যায়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় সতর্ক অবস্থান নেয়। বিজিবি-জনতার এই যৌথ অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে আজ ভোর সাড়ে চারটার দিকে বিএসএফ নিজেদের গাড়িতে করে ওই ব্যক্তিদের মালদাহ হোল্ডার সেন্টারে ফিরিয়ে নিয়ে যায় বলে বিজিবি নিজস্ব সূত্রে নিশ্চিত হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, "সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কার্যক্রমে সীমান্ত এলাকার বাসিন্দারা বিশেষ সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।"
|