জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে আয়োজিত বিশেষ স্মরণসভা ‘জুলাই জাতীয় সম্মেলনে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলানগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ভাবগম্ভীর ও তাৎপর্যপূর্ণ স্মরণসভার আয়োজন করা হয়।
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ নামক সংগঠনদ্বয়। স্মরণসভায় গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশজুড়ে ৯ দিনব্যাপী এক বিস্তারিত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাপনী ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার বিএনপির ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশেষ আলোচনাসভার মধ্য দিয়ে এই স্মরণ ও গৌরব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
|