স্বাধীনতার পাঁচ দশকেও রাস্তা মেলেনি ওয়ার্ডবাসীর

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
স্বাধীনতার পাঁচ দশকেও  রাস্তা মেলেনি ওয়ার্ডবাসীর

মোঃ শরীফ উদ্দিন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্যে জোটেনি একটি চলাচলযোগ্য পাকা রাস্তা। প্রতি নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে এখনো উন্নয়নের কোনো ছোঁয়া পাননি এলাকাবাসী। ফলে বছরের পর বছর ধরে অন্তহীন দুর্ভোগ নিয়েই জীবন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পুরো কাঁচা রাস্তাটি কাদার সাগরে পরিণত হয়। তখন সাধারণ মানুষের হেঁটে চলাচল করাও চরম কষ্টকর হয়ে পড়ে। রাস্তাটির বেহাল দশার কারণে মোটরসাইকেল, অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহনই গ্রামে প্রবেশ করতে পারে না। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ প্রতিদিন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসী জানান, সবচেয়ে বেশি অমানবিক ভোগান্তিতে পড়তে হয় জরুরি অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের নিয়ে। গুরুতর অসুস্থ অবস্থায় কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে কোনো গাড়ি না পাওয়ায় খাটিয়ায় করে অথবা মানুষের কাঁধে করে মাইলের পর মাইল হেঁটে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দিতে হয়। অনেক সময় পথেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।

পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদেরও প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে। বর্ষা মৌসুমে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারে না, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, "নির্বাচনের সময় প্রার্থীরা এসে ভোট পাওয়ার জন্য বড় বড় প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হলে আর কেউ আমাদের এই দুঃখের খোঁজ নেন না। আমরা কোনো বিলাসী উন্নয়ন চাই না, শুধু একটু শান্তিতে চলাচলের জন্য একটি টেকসই রাস্তা চাই।"

দাবি আদায়ে মুখর এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন